সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ভোটাধিকার রক্ষায় তরুণ প্রজন্ম প্রস্তুত রয়েছে। তিনি বলেন, ‘আমাদের শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও ভোটাধিকার নিশ্চিত করবো।’
রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে শাহজাদপুর সরকারি কলেজ মাঠে ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের জনসভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের প্রার্থী এনসিপির যুগ্ম সদস্যসচিব এসএম সাইফ মোস্তাফিজের সমর্থনে জনসভাটির আয়োজন করা হয়।
হাসনাত আবদুল্লাহ বলেন, ‘যারা ভোটকেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছেন, তারা যেন সতর্ক থাকেন। তরুণদের বিরুদ্ধে গিয়ে কেউ যদি ভোটকেন্দ্র দখলের চেষ্টা করে, তা প্রতিরোধ করা হবে।’
তিনি আরও বলেন, একটি পক্ষ তরুণ প্রজন্মকে ব্যর্থ প্রমাণ করতে চায়। তাঁর দাবি, ‘ভারত, কিছু ব্যবসায়ী গোষ্ঠী, মিডিয়া মাফিয়া এবং চাঁদাবাজ-টেন্ডারবাজরা চায় না তরুণরা এগিয়ে আসুক।’ এ সময় উপস্থিত জনতাকে নির্বাচনী লড়াইয়ে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে হাসনাত আবদুল্লাহ বলেন, অতীতের নির্বাচনে ভোটাধিকার হরণের অভিযোগ রয়েছে। তিনি বলেন, ‘জনগণের মধ্যে যে অনাস্থা তৈরি হয়েছে, তা দূর করতে আগামী নির্বাচনে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে।’
গণমাধ্যমের ভূমিকা নিয়েও সমালোচনা করেন এনসিপির এই নেতা। তিনি বলেন, অনেক সাংবাদিক স্বাধীনভাবে সংবাদ প্রচার করতে পারেন না বলে অভিযোগ করেন।
জনসভায় সভাপতিত্ব করেন শাহজাদপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. মিজানুর রহমান। প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খাঁন।
সভায় আরও বক্তব্য দেন ১১ দলীয় ঐক্য জোটের নেতারা। এ সময় নরিনা ইউনিয়ন বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগ দেন বলে জানানো হয়।
ইখা