ভারতের মেঘালয় রাজ্যের পূর্ব জৈন্তিয়া হিলস জেলায় একটি কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৭ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) অবৈধভাবে পরিচালিত একটি ‘র্যাট-হোল’ কয়লা খনিতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এখনো উদ্ধার অভিযান চলছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বেতার সংস্থা অল ইন্ডিয়া রেডিও। খবর টিআরটি ওয়ার্ল্ডের।
রাজ্যের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা জানিয়েছেন, বিস্ফোরণটি একটি অবৈধ কয়লা খনিতে ঘটেছে এবং এ ঘটনায় একটি পূর্ণাঙ্গ তদন্ত শুরুর নির্দেশ দেয়া হয়েছে। পুলিশ ইতোমধ্যে একটি মামলা দায়ের করেছে এবং ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুইজনকে গ্রেপ্তার করেছে।
জেলা পুলিশের প্রধান বিকাশ কুমার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ডিনামাইট বিস্ফোরণের কারণেই এই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের সময় খনির ভেতরে বেশ কয়েকজন শ্রমিক কাজ করছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
‘র্যাট-হোল’ খনি বলতে পাহাড় বা উঁচু ভূমিতে খোঁড়া গভীর উল্লম্ব গর্ত ও সেখান থেকে ছড়িয়ে পড়া সংকীর্ণ সুড়ঙ্গকে বোঝানো হয়, যেখানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিবেশে কয়লা উত্তোলন করা হয়। এই ধরনের খনিতে সাধারণত কোনো নিরাপত্তা ব্যবস্থা থাকে না।
উল্লেখ্য, পরিবেশ দূষণ ও শ্রমিকদের জীবনের ঝুঁকির কথা বিবেচনা করে ভারতের জাতীয় পরিবেশ আদালত ২০১৪ সালে মেঘালয়ে র্যাট-হোল খনন নিষিদ্ধ করে। তবে নিষেধাজ্ঞা সত্ত্বেও পূর্ব জৈন্তিয়া হিলসসহ রাজ্যের বিভিন্ন এলাকায় এই অবৈধ খনন কার্যক্রম এখনো ব্যাপকভাবে চলমান রয়েছে। সর্বশেষ এই দুর্ঘটনা ফের মেঘালয়ের অবৈধ কয়লা খনন ও শ্রমিক নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে ধরেছে।
এবি