কক্সবাজারের উখিয়া ও টেকনাফ এলাকায় ক্যাম্পের বাইরে রোহিঙ্গাদের অবাধ চলাচল এবং স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে মিশে বসবাসের প্রবণতা দিন দিন বাড়ছে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রোহিঙ্গাদের ক্যাম্পকেন্দ্রিক নিয়ন্ত্রণে রাখা এবং লোকালয়ে অবাধ বিচরণ প্রতিরোধে কঠোর অবস্থান নিয়েছে সংশ্লিষ্ট বাহিনী।
এর ধারাবাহিকতায় ক্যাম্প ছেড়ে বাইরে বসবাসরত রোহিঙ্গাদের বিরুদ্ধে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করেছে। অভিযানে স্থানীয়দের ভাড়া বাসায় থাকা এবং লোকালয়ে জমি দখল করে বসতি স্থাপন করা ৭ শতাধিক রোহিঙ্গাকে আটক করা হয়েছে। অভিযান এখনও চলমান রয়েছে।
রবিবার (৮ ফেব্রুয়ারি) ভোর থেকে উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা শরণার্থীশিবিরসংলগ্ন এলাকায় যৌথ বাহিনীর এই সাঁড়াশি অভিযান শুরু হয়।
যৌথ বাহিনীর সূত্র জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অসাধু চক্রের মাধ্যমে রোহিঙ্গা নারী-পুরুষদের অপব্যবহারের আশঙ্কা রয়েছে। এ শঙ্কা প্রতিরোধে ক্যাম্পের বাইরে বসবাসরত রোহিঙ্গাদের নিয়ন্ত্রণে আনতেই অভিযান পরিচালনা করা হচ্ছে।
কয়েক ঘণ্টার মধ্যেই ৭ শতাধিক রোহিঙ্গা নারী-পুরুষকে আটক করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
এ বিষয়ে সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থার এক সদস্য সময়ের কণ্ঠস্বরকে জানান, নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উখিয়া-টেকনাফ এলাকায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা এবং লোকালয়ে বসবাসরত রোহিঙ্গাদের ক্যাম্পে ফিরিয়ে আনতে এই অভিযান চলমান রয়েছে এবং তা অব্যাহত থাকবে।
ইখা