ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র পাঁচ দিন বাকি। আওয়ামী লীগ দুর্গখ্যাত বরগুনা-১ আসনে (আমতলী–বরগুনা সদর–তালতলী) নির্বাচনী উত্তাপ এখন তুঙ্গে। উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টায় মাঠে নেমেছেন প্রার্থীরা।
আওয়ামী লীগ প্রার্থী না থাকায় এবার এ আসনে মূল লড়াই হচ্ছে বিএনপি প্রার্থী মোঃ নজরুল ইসলাম মোল্লা ও ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ–এর মধ্যে। সাধারণ ভোটারদের ধারণা, “হাতপাখার বাতাসে উড়ছে ধান” অর্থাৎ ইসলামী আন্দোলনের প্রার্থীর দিকেই ঝুঁকছেন অনেক ভোটার।
প্রার্থী ও ভোটার সংখ্যা, বরগুনা-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন। বিএনপি- মোঃ নজরুল ইসলাম মোল্লা ইসলামী আন্দোলন বাংলাদেশ- মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ, ১০ দলীয় জোট- অ্যাডভোকেট জাহাঙ্গির হোসাইন, জাতীয় পার্টি (জেপি)- জামাল হোসাইন।
এ আসনে মোট ভোটার ৫,১৯,৪৫৯ জন। এর মধ্যে আমতলী- ১,৮৪,৮৪৮ জন, তালতলী- ৮৭,০২০ জন, বরগুনা সদর- ২,৪৭,৫৯১ জন। পায়রা নদীর পূর্বপাড়ের আমতলী ও তালতলীতে প্রায় ৩ লাখের বেশি তরুণ ভোটার রয়েছে, যাদের মন জয় করতে মরিয়া দুই প্রধান প্রার্থী।
১৯৭১ সাল থেকে এ আসনে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দল জয়লাভ করতে পারেনি। অতীতে বিএনপি প্রার্থী জামানত হারিয়েছেন এবং ইসলামী আন্দোলনের বর্তমান প্রার্থীর বাবা প্রয়াত মাওলানা আব্দুর রশিদ চারবার দ্বিতীয় অবস্থানে থেকে পরাজিত হয়েছেন।
এবার আওয়ামী লীগ নির্বাচনে অংশ না নেওয়ায় রাজনৈতিক সমীকরণ বদলে গেছে।
মাঠপর্যায়ের চিত্র শনিবার সরেজমিনে ঘুরে দেখা গেছে, নারী, তরুণ ও আওয়ামী লীগ সমর্থক ভোটারদের বড় অংশ হাতপাখা প্রতীকের প্রতি সহানুভূতিশীল। তবে প্রকাশ্যে তা বলতে অনেকে নারাজ। সামাজিক যোগাযোগ মাধ্যমে করা এক জরিপে দেখা যায় বিএনপি প্রার্থীকে প্রকাশ্যে সমর্থন দিয়েছেন ২৮ জন ইসলামী আন্দোলন প্রার্থীকে প্রকাশ্যে ও গোপনে সমর্থন দিয়েছেন ৩০ জন ভোটারদের কথা।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক আওয়ামী লীগ সমর্থক জানান, “হয়রানির ভয়ে মিছিলে যাই, কিন্তু ভোট দেব কি না তা ভিন্ন কথা।”
গুলিশাখালী ইউনিয়নের শাখাওয়াত ও রুবেল বলেন, “ভোট দিতে না গেলে বিপদে পড়তে পারি।” আঠারোগাছিয়া ইউনিয়নের আক্তার ও জাহাঙ্গির বলেন, “কাকে ভোট দেব, সময়ই বলবে।” হলদিয়া ইউনিয়নের কয়েকজন ভোটার জানান, “উন্নয়নের স্বার্থে বিএনপিকেই ভোট দেব।
প্রার্থীদের বক্তব্য বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মোল্লা বলেন, “ধানের শীষের পক্ষে গণজোয়ার বইছে। শতভাগ বিজয়ের আশা করছি।”
ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ বলেন, “মানুষ আর প্রতারণা ও হয়রানি চায় না। হাতপাখার বিজয় সুনিশ্চিত।”
এসআর