যারা একাত্তর আর ২৪ কে নিয়ে রাজনীতি করতে চান দয়া করে করবেন না। একটি হলো স্বাধীনতা আরেকটি হলো মুক্তি, স্বাধীনতা আর মুক্তি এক জিনিস না, স্বাধীনতা আর মুক্তি এক হতে পারে না- সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে নেত্রকোনা-৪ আসনের মদন উপজেলার দেওয়ান বাজার মাঠে এক জনসভায় উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, স্বাধীনতাকে আমি ভুলতে পারব না, তেমনি ২০২৪ জুলাইকেও ভুলতে পারব না। একাত্তর, একাত্তরই, চব্বিশ, চব্বিশই। একাত্তর-এর মাধ্যমে আমরা পরিচিতি লাভ করেছি, আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। তবে একাত্তরের সঙ্গে কোনো তুলনা করা যাবে না।
তিনি বলেন, আমরা গর্ব করে বলতে পারি আমাদের একটি লাল সবুজের পতাকা আছে। দয়া করে চব্বিশ আর একাত্তর নিয়ে রাজনীতি করবেন না। আমার নেতা ১৭ বছর নির্বাসনে ছিলেন। সেখানে তিনি এমনি বসে থাকেননি, উনার একটা প্লান আছে। তিনি সেই প্লান বাস্তবায়ন করবেন, যদি আমরা সবগুলো আসন তাকে উপহার দিয়ে ক্ষমতায় আনতে পারি।
এর আগে, দুপুর থেকে দেওয়ান বাজার মাঠে দলে দলে আসতে থাকেন নেতাকর্মীরা। স্লোগান আর নেতাদের জয়ধ্বনিতে মুখর হয়ে ওঠে পুরো মাঠ। এসময় বাবর নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘আগামী ১২ তারিখ ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করতে হবে। আমরা সর্বোচ্চ ভোট দিয়ে তা দেখিয়ে দেব। তাই এখন থেকে আপনারা কাজ শুরু করুন, পাড়া-মহল্লাসহ সব স্থানে যান।’
এসআর