বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, "ভোটকেন্দ্র পাহারা দিতে না পারলে ঘুঘু ধান খেয়ে ফেলবে। তাই ভোটের দিন কেন্দ্র পাহারা নিশ্চিত করতে হবে। আমাদের বিজয় সুনিশ্চিত; দেশে ধানের শীষের সুনামি বইছে।"
রবিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রামের সাতকানিয়া রাস্তার মাথাস্থ মডেল মসজিদের সামনে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ নাজমুল মোস্তফা আমিনের পক্ষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের মানুষের জীবনমান উন্নয়নের যে পরিকল্পনা হাতে নিয়েছেন, সেখানে দেশের একজন মানুষও বাদ যাবে না। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে সাধারণ মানুষের মৌলিক অধিকার ও সম্মান পুনঃপ্রতিষ্ঠিত হবে।
তিনি আরও বলেন, বিএনপির নেতাকর্মীরা অতীতে গণতন্ত্র ও ভোটাধিকারের জন্য চরম ত্যাগ স্বীকার করেছেন। সেই ত্যাগ বৃথা যাবে না। জনগণ এবার পরিবর্তনের পক্ষে রায় দিতে প্রস্তুত। তবে শুধু জিতলেই হবে না, বিশাল ব্যবধানে ভোটে জিততে হবে।
এনআই