রঙিন পোশাকে কেউ আকাশছোঁয়ার ভঙ্গিতে দাঁড়িয়ে, কেউ এক চাকায় সাইকেল চালিয়ে দেখাচ্ছেন ঝুঁকিপূর্ণ কসরত। কখনো ডিগবাজি, কখনো জোকারের সাজে হাস্যরস—সব মিলিয়ে মুহূর্তেই উৎসুক মানুষের ভিড় জমে যায়। দেখলে মনে হয় যেন কোনো সার্কাস দলের প্রদর্শনী চলছে।
তবে বাস্তবে এটি কোনো বিনোদন আয়োজন নয়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটারদের দৃষ্টি আকর্ষণে নেওয়া হয়েছে এমনই ভিন্নধর্মী নির্বাচনী প্রচারণা। প্রচলিত পোস্টার, মাইকিং কিংবা মিছিলের বাইরে গিয়ে অভিনব এই কৌশলে সাধারণ মানুষের মনোযোগ কাড়ার চেষ্টা করছেন প্রার্থীরা।
দেশজুড়ে জমে উঠেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণা। এর ব্যতিক্রম নয় নদীবেষ্টিত জেলা শরীয়তপুরও। ভোটারদের কাছে ভিন্নভাবে পৌঁছাতে শরীয়তপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাঈদ আহমেদ আসলাম সার্কাস দলের মাধ্যমে প্রচারণা চালিয়ে এলাকায় আলোচনার জন্ম দিয়েছেন।
শরীয়তপুর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা—শরীয়তপুর উপজেলা মোড়, চৌরঙ্গী মোড়, মনোহর মোড়, আঙ্গারিয়া বাজার, পালং বাজার, চিতুলিয়া বাজার, টিএনটি মোড়সহ বিভিন্ন স্থানে সম্প্রতি এই ব্যতিক্রমী প্রচারণা চালাতে দেখা যায়। সার্কাস দলের সদস্যরা শারীরিক কসরত ও নানা বিনোদনমূলক পরিবেশনার মাধ্যমে সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করেন, যা ভোটারদের মধ্যে বাড়তি উৎসাহ সৃষ্টি করেছে।
জানা যায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর জেলার তিনটি আসনে মোট ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ১০টি রাজনৈতিক দলের ১৭ জন দলীয় প্রার্থী এবং চারজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। নির্বাচন ঘিরে জেলার সর্বত্রই বেড়েছে রাজনৈতিক ব্যস্ততা। ভোটের মাঠে এগিয়ে থাকতে প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।
নির্বাচন যত ঘনিয়ে আসছে, সাধারণ মানুষের মধ্যেও উৎসব ও উত্তেজনার আমেজ স্পষ্ট হয়ে উঠছে। ভোটারদের প্রত্যাশা—নির্বাচনের দিন এবং পরবর্তী সময়েও যেন এই শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ বজায় থাকে।
স্থানীয় কলেজ শিক্ষার্থী ফাহিম আহমেদ বলেন, “আমরা ছোটবেলায় সার্কাসের কথা শুনেছি, কিন্তু সামনাসামনি কখনো দেখিনি। আজ সার্কাসের সাথে নির্বাচনের প্রচারও দেখলাম। বিষয়টি খুব ভালো লেগেছে।”
বগুড়া থেকে আসা ‘সোনার বাংলা সার্কাস’ দলের প্রধান সুশান্ত মোদক বলেন, “আমরা বিএনপি প্রার্থী সাঈদ আহমেদ আসলামের পক্ষে প্রচারণা করতে এসেছি। আমাদের দলে আটজন সদস্য রয়েছেন। রনপা, এক চাকার সাইকেল, জাগলান, বায়োস্কোপসহ নানা কসরত দেখাচ্ছি। সাধারণ মানুষ খুব আগ্রহ নিয়ে দেখছেন। বিনোদনের মধ্য দিয়েই আমরা ভোটারদের কাছে বার্তা পৌঁছে দিচ্ছি।”
এ বিষয়ে বিএনপির মনোনীত প্রার্থী সাঈদ আহমেদ আসলাম বলেন, “দীর্ঘদিন পর উৎসবমুখর পরিবেশে একটি নির্বাচন হতে যাচ্ছে। ভোটারদের বিনোদন দিতেই আমরা ভিন্নধর্মী এই প্রচারণা বেছে নিয়েছি। সার্কাস দলের কসরত মানুষের দৃষ্টি আকর্ষণ করছে এবং ভোটাররা বিষয়টি ইতিবাচকভাবেই গ্রহণ করছেন।”
এমআর-২